দ্বিতীয় দফায় ৯০ দিনের ছাড় পাচ্ছে হুয়াওয়ে

১৯ নভেম্বর, ২০১৯ ১২:০৬  
শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার জন্য অগাস্ট মাসের মতো দ্বিতীয় দফায় আরো ৯০ দিনের সময় পাচ্ছে চীনা জায়ান্ট হুয়াওয়ে। মূলত প্রাথমিকভাবে ‘দুই সপ্তাহ’ মেয়াদের ‘লাইসেন্স দেওয়া হবে’ এবং পরবর্তীতে সে ‘সময়সীমা দীর্ঘায়িত করা হবে’ পরিকল্পনারই বাস্তবায়ন হতে যাচ্ছে এক্ষেত্রে। ফলে আরো তিন মাস হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে বিশেষ লাইসেন্স পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। সোমবার বর্ধিত সময়ের লাইসেন্স ইস্যু করা হবে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সশ্লিষ্ট দুটি সূত্র। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছেন, অগাস্ট মাসের মতো এবারও ৯০ দিনের জন্য অনুমোদন নবায়নের পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কথা বলে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে প্রতিষ্ঠানটির লেনদেনের সুবিধার্থে ৯০ দিনের জন্য সাময়িক অনুমোদন দেওয়া হয়। ওই সাময়িক অনুমোদনটির মেয়াদও শেষ হচ্ছে সোমবারেই। তবে নতুন করে লাইসন্সে নবায়নের বিষয়ে হুয়াওয়ে কোনো মন্তব্য করতে চায়নি। হুয়াওয়ের এক মুখপাত্র ‘অনুমোদন’ প্রসঙ্গে বলেছিলেন, “গুজব বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে মন্তব্য করবে না হুয়াওয়ে।” একইভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেনি।